হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহণ সেবা উদ্বোধন হচ্ছে শনিবার; স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পদক্ষেপ আদ্-দ্বীনের
ছবি: প্রতিনিধি
টিআই তারেক: সাধ্যের মধ্যে মান সম্মত স্বাস্থ্য সেবার অঙ্গিকার নিয়ে দেশে ৮টি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। দেশের আপামর জনতা বিশেষত অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে সর্বজনিন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আদ্-দ্বীন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আদ্-দ্বীনের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী সংযোজন হচ্ছে ‘‘হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহণ সেবা (Free Patient Transportation Service by Helicopter)’’। ১ মার্চ ২০২৫ শনিবার পুলেরহাট যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মিলনায়তনে শুভ উদ্বোধনের মাধ্যমে এ সেবার কার্যক্রম শুরু হবে।
যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর বয়রায় অবস্থিত আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার দুটি অবতরণ করবে। সেখান থেকে আদ্-দ্বীন হাসপাতালে জরুরী সেবা পাবেন রোগীরা।
খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দরিদ্র ও মৃত্যু পথযাত্রী রোগীদের জরুরী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে চিহ্নিত স্থান হতে বিনামূল্যে হেলিকপ্টারযোগে রোগী পরিবহণ সেবা প্রদান করা হবে।
খুলনা বিভাগের চিহ্নিত ৬১৪ টি স্পটে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে। জেলা গুলো হলো যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। এই জেলা গুলোতে আদ্-দ্বীনের নিজস্ব শাখা অফিস সংলগ্ন নির্দিষ্ট স্পটে হেলিকপ্টার অবতরনের ব্যবস্থা করা হয়েছে। এ কাজে আদ্-দ্বীনের দক্ষ কর্মী বাহিনী মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।
ইঊখখ ৫০৫ ও জ৬৬ হেলিকপ্টার দুটি বিনামুল্যে এই পরিবহন সেবা কার্যক্রমে নিয়োজিত থাকবে। হেলিকপ্টারে প্রশিক্ষিত মেডিকেল টিম থাকবে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের নির্ধারিত শাখা অফিসের মাধ্যমে রোগীরা হেলিকপ্টার সেবা পাবেন।
শুধুমাত্র জরুরী (ইমার্জেন্সী) রোগীই বিনামূল্যে এই পরিবহণ সেবা পাবেন। যাদের সময়ের কারণে জীবন বিপন্ন হবার আশঙ্কা সেসব রোগীরা অগ্রাধিকার পাবেন। রোগীর সাথে একজন এ্যাটেন্ডেন্ট হেলিকপ্টারে বসার সুযোগ পাবেন। দিনের বেলা এই সেবা প্রদান করা হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার সার্ভিসের সীমাবদ্ধতা রয়েছে।
১ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই সেবাটি শুভ উদ্বোধন ঘোষনা করবেন বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশন অথরিটি’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মনজুর কবির ভুইয়া। সভাপতিত্ব করবেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।
বিশেষ অতিথি থাকবেন কাস্টমস হাউস ঢাকার কমিশনার মো: জাকির হোসেন, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটাল (এনএইচএস) এর পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বক্তব্য রাখবেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রæপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আকিজ অ্যাভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের সদস্য মুয়াজ রাকিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আফিকুর রহমান ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. জামালুন্নেসা।