মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালকের নাম সোহাগ (২৯)।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (০৩ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় মানবে ওয়াটার পার্কের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় একটি ট্রাক আরেকটির ওপরে উঠে গেলে এক ট্রাকের চালক নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় ট্রাকের নিচে চাপা পড়া চালককে উদ্ধার করে।”

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।”