গোলকিপারদের সময় নষ্ট ঠেকাতে ফুটবলে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত
ফুটবল মাঠে গোলকিপারদের বল হাতে নিয়ে সময় নষ্ট করতে প্রায়ই দেখা যায়। আর এই সমস্যা থেকে বাঁচতেই নতুন নিয়মের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন এই নিয়মে বল বেশি সময় আটকে রাখলেই প্রতিপক্ষ কর্ণার পাবে।
শনিবার (১ মার্চ) আইএফএবির সভায় এই নিয়ম অনুমোদন করা হয়েছে। জুনে আয়োজিত হতে যাওয়া ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
এর আগে গোলকিপার ইচ্ছাকৃতভাবে ৬ সেকেন্ডের বেশি সময় ধরে বল আটকে রেখে সময় নষ্ট করলে শাস্তি হিসেবে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি–কিক দেওয়া হতো। পরোক্ষ ফ্রি-কিকে গোলমুখে শট নেওয়ার আগে আরেকজন ফুটবলারকে পা ছোঁয়াতে হয়। এ ধরনের ঘটনায় গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রেফারিরা শাস্তি দিতে নিরুৎসাহিত বোধ করেন। কারণ অধিকাংশ ঘটনায় দেখা যায় গোলকিপারের সময় নষ্টের সময় গোলের সম্ভাবনা একই মাত্রার থাকে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডে আয়োজিত আইএফএবির শনিবারের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে কর্নারের নিয়ম অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত আইএফএবিতে মোট ভোট ৮টি।