জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত সোম
সংগৃহীত ছবি
শমিত সোমের অসাধারণ মিডফিল্ড পারফরম্যান্সে বড় জয় পেল নিউ ইয়র্ক কসমস। নিজের ২৯তম জন্মদিন পার করার পরদিনই ইউএসএল লিগ ওয়ানের ম্যাচে ফোর্ট ওয়েন এফসিকে ৪-২ গোলে হারানো এই জয়ে জোড়া অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।
শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছিল কসমস, যেখানে শমিতের নিখুঁত পাসিং ও আক্রমণ তৈরির দক্ষতা বড় ভূমিকা রাখে। প্রথমার্ধের ৪৪ মিনিটে তার নিখুঁত থ্রু বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জাওনেহ লামিন।
তবে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধের শুরুতে, যখন প্রতিপক্ষের রক্ষণ ভেদ করা শমিতের চমৎকার একটি থ্রু বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লামিন, যা দলকে ৩-০ গোলের নিরাপদ ব্যবধানে নিয়ে যায়। স্বাগতিকরা শেষদিকে ব্যবধান কমানোর চেষ্টা করলেও লামিনের হ্যাটট্রিক ও শমিতের নিয়ন্ত্রিত মাঝমাঠ পারফরম্যান্সের সুবাদে ৪-২ গোলের জয় নিশ্চিত করে নিউ ইয়র্ক।
শুধু আক্রমণ গড়াতেই নয়, পরিসংখ্যানেও নজর কেড়েছেন শমিত। ম্যাচে ৪৫ বার বলের স্পর্শ নেওয়ার পাশাপাশি ৩৬টি পাসের মধ্যে ৩০টি সফলভাবে সম্পন্ন করেন তিনি, যেখানে তার পাস সাফল্যের হার ছিল ৮৩ শতাংশ। এর বাইরে ৫টি লং বলের ৪টিতেই সফল হন এবং দুটি গোলের সহায়তার পাশাপাশি আরও একটি বড় সুযোগ তৈরি করেন।
রক্ষণেও সমান কার্যকর ছিলেন এই মিডফিল্ডার—৩টি ট্যাকল, ২টি ক্লিয়ারেন্স, ২টি বল রিকভারি ও ১টি শট ব্লক করে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করেন। যুক্তরাষ্ট্রের এই ক্লাবের হয়ে এ পর্যন্ত তিন ম্যাচ খেলা শমিত প্রতিটিতেই ছিলেন শুরুর একাদশে।