বিশ্বের বিবেকবান মানুষকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের
ছবিঃ সংগৃহিত।
গাজায় নির্মম হামলা ও গণহত্যা বন্ধে এবং মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর শেওড়াপাড়ার মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩) এর মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, গাজা সবসময় অপরাজেয়। কারণ, গাজাবাসী কোরআনের সঙ্গী ও কোরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই গাজায় বসবাস করছে। তাদের জন্মভূমি ত্যাগ করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদান করা হলেও আল্লাহর ফয়সালার অপেক্ষায় সেখানেই রয়ে গেছেন। মূলত, বিশ্বের সকল মা-ই জন্ম দেন সন্তান। কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে জায়নবাদীরা একদিন পরাভূত হবে। তাই এ নির্মমতা দেখে কারো পক্ষে বসে থাকার সুযোগ নেই; বরং যার যতটুকু সামর্থ আছে তা নিয়েই এসব মজলুম ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে। পবিত্র এ মাহে রমজান মাসে আল্লাহ ভয় এবং তালিম নিয়ে বিপন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘পবিত্র মাহে রমযান মাসেও ফিলিস্তিনের গাজায় ইতিহাসের নির্মম ও নিষ্ঠুর গণহত্যা চলছে। বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা জায়নবাদীদের রশদ সরবরাহকে করছে। তাই মজলুম গাজাবাসীদের বাঁচাতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলা ও বর্বরতা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। তাই কোনো বিবেকবান নীরবে বসে থাকার সুযোগ নেই।’ তিনি জায়নবাদী হত্যা ও হত্যাযজ্ঞ মোকাবেলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
থানা আমীর আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রায়হানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম এবং সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন ও আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম, শ্রমিক নেতা মিজানুর রহমান, জোন টিম সদস্য জসিম উদ্দিন, মহানগরী মজলিসে শুরা সদস্য ও থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, থানা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, মুহাম্মদ ছায়েফুল্লাহ, নাসিমুল আলম, আমিনুর রাহমান আমান, খন্দকার মাহবুবুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।