গাজীপুরে লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ফাইল ছবি
গাজীপুরের পূবাইলে লরির চাপায় ইজিবাইক চালকসহ একজন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও দুই যাত্রী।
রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় পূবাইল থানাধীন টঙ্গী-কালিগঞ্জ সড়কের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক হানিফ মিয়া (৩৫), তার বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় এবং সাব্বির আলম (২৭), তার বাড়ি ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান দক্ষিণপাড়া এলাকায়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এস আই রফিকুল জানান, টঙ্গী থেকে পাঁচজন যাত্রী নিয়ে মিরের বাজারের দিকে আসছিলেন দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি। মাজুখান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে লরি এবং অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।