আরএফআইডি প্রযুক্তির আইডি কার্ড পাবে ইবি শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি
আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব ও আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদ আব্দুস সাকির মল্লিকসহ সেলের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় কমিটির সদস্য-সচিব একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং এই প্রযুক্তির টেকনিক্যাল ও এপ্লিকেশন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়াও আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট হাফিজুর রহমান লাইব্রেরীতে বর্তমান অটোমেশন সিস্টেম বিষয়ে ডেমোস্ট্রেশন প্রেজেন্ট করেন। আরএফআইডি কার্ড ব্যবহার করে কিভাবে এই সিস্টেমকে আরো উন্নত করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।
আইসিটির সেলের পরিচালক ও স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান আলী জানিয়েছেন, অটোমেশন এবং প্রযুক্তিগতভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার বর্তমান প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীর একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, যেটা সে সব জায়গায় ব্যবহার করতে পারবে। একটা কার্ড ব্যবহারের মাধ্যমেই একজন শিক্ষার্থী বিভাগ, হল, লাইব্রেরী, মেডিকেল সেন্টারসহ সব জায়গায় প্রয়োজনীয় সেবা নিতে পারবে, তার আলাদা-আলাদা কার্ড লাগবে না। ভবিষ্যতে এটি উন্নীত করে ক্যাশলেস ব্যবস্থায় ফি প্রদানের সাথে এটাকে যুক্ত করা সম্ভব হতে পারে।
সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আরএফআইডি কার্ড বিষয়ে কমিটির সদস্যদের দিকনির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।