শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

ছবি : প্রতীকি

নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার নগরব্রিজ এলাকায় মাখলুদ হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল। 

সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

বর্তমানে শিক্ষার্থী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, দুর্বৃত্তরা ধারালো খুর দিয়ে শিক্ষার্থী মাখলুদের একটি কান কেটে দেয়। এ সময় তার কোমড়ে আঘাত ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তারা। মারপিটে মাখলুদ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একজন ভ্যান চালক মাখলুদকে উদ্ধার করে পরিবার ও স্বজনদের খবর দিলে তারা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মাখলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) এলাকার শারীরিক প্রতিবন্ধী ওসমান গনির ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থী।

রোববার সন্ধ্যায় মাখলুদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। 

এ বিষয়ে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ইতোমধ্যেই হাসপাতালে পুলিশ গিয়ে তথ্যাদি সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।