নিরাপত্তার ভয়ে পাকিস্তান যাচ্ছেন না টাইগার পেসার

নিরাপত্তার ভয়ে পাকিস্তান যাচ্ছেন না টাইগার পেসার

ছবি: প্রতীকী

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি। আগামী ২৫ মে পাকিস্তানের লাহোরে পা রাখবে বাংলাদেশ দল। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে প্রস্তুত লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। তবে নিরাপত্তা শঙ্কার কারণে সফর থেকে নাম প্রত্যাহার করেছেন দলের পেসার নাহিদ রানা। শুধু তিনিই নন, সফরে যাচ্ছেন না নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনারও।

পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে পাকিস্তানে গেলেও কোনো ম্যাচ খেলতে পারেননি নাহিদ রানা। সে সময় ভারতের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সেবার নিরাপদে দেশে ফিরিয়ে আনা হলেও, সেই অভিজ্ঞতা ভোলেননি এই উদীয়মান পেসার। নিরাপত্তা শঙ্কার কারণেই পাকিস্তান সফরে যেতে রাজি হননি তিনি।

এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘পাকিস্তানের যে ধরনের ঘটনা অভিজ্ঞতা হয়েছে,  হয়তো সে কারণেই নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করেছে।’ তিনি আরও বলেন, ‘নাহিদ রানার ভিতরে অস্থিরতা কাজ করছে, বাকি দুইজন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে চান না, তাই যাচ্ছেন না।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষ ম্যাচটি হবে ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে, স্থানীয় সময় রাত ৮টায়, যা বাংলাদেশ সময় রাত ৯টা।

তবে সিরিজটি শুরু থেকেই ছিল সংশয়ে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সিরিজ নিয়ে দেখা দেয় দোটানা। অবশেষে দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে নির্ধারিত সময়েই হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ দল ২৫ মে লাহোরে পৌঁছাবে। সিরিজ শুরুর আগে ২৬ ও ২৭ মে অনুশীলন করবে টাইগাররা। দলের গুরুত্বপূর্ণ সদস্য না থাকা সত্ত্বেও পূর্ণ প্রস্তুতি নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।