যোগ্য ভিসি নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেবে সরকার

যোগ্য ভিসি নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেবে সরকার

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ভিসি নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের সভা কক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর দুটি বিশ্ববিদ্যালয় উচ্চপদে নিয়োগের প্রয়োজনে আমরা একটি উপাচার্য নির্বাচনি প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান এবং ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, আমরা মন্ত্রণালয়, ইউজিসি, এবং বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করেছি । আমি আশাবাদী, আপনাদের সকলের সহযোগিতায় যদি যোগ্যতা এবং কম্পিটিশনের ভিত্তিতে ভিসি নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি তবে আমার যে স্বপ্ন, দেশে বসেই আগামী জেনারেশন বিশ্বকে নেতৃত্ব দেবে সে পথে এগুতে পারব।

ড. সি আর আবরার বলেন, সাম্প্রতিককালে জাতীয় পর্যায়ে করণীয় সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অর্থনীতির ওপর শ্বেতপত্র ও টাস্কফোর্সের রিপোর্টের। এই দুই প্রতিবেদনে শিক্ষা খাতের নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা মনে করি, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণে এই প্রতিবেদনসমূহের তথ্য ও সুপারিশ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।