রিকশা ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা

রিকশা ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে দায়িত্ব পালনের সময় সালাউদ্দিন (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় তাঁর মৃত্যুর পর অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার চালকের নাম মো. সাগর শেখ বাবু (৩৭)।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, গত ১৩ এপ্রিল উত্তর পল্লবী আবাসিক এলাকায় একটি অটোরিকশা প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন বাধা দেন।

এ সময় অটোরিকশাচালক সাগরের সঙ্গে সালাউদ্দিনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাগর ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরদিন বিকেলে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সালাউদ্দিন।

অতিরিক্ত ডিআইজি জানান, গত ১৬ এপ্রিল রাত আড়াইটার দিকে মিরপুর-১১ এলাকা থেকে অটোরিকশাচালক সাগরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাগর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।