ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
ছবি: ফাইল ফটো
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর পূর্ব শৌলডুবী গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের বাড়ির পাশের বিদ্যুতের প্রধান খুঁটি থেকে একটি তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে তিনটি বসতঘরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য উঠানে টানানো জিআই তারে কাপড় দিতে গেলে মিলন মাতুব্বর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে মিঠু মাতুব্বর (৩০), হেনা বেগম (২৪) ও ওবায়দুর শেখ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
স্থানীয়রা কাটাখালী বিদ্যুৎ অফিসে খবর দিলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে সদরপুর থানার এসআই (নিরস্ত্র), মো. রনি খালাশী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।