আসছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিরিজ ‘ফিরে আশার গল্প’
ছবিঃ সংগৃহীত।
‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এটি নির্মাণ করে নতুন করে আলোচনায় এসেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি এবার ফিরছেন নতুন সিরিজ নিয়ে। এর নাম রেখেছেন ‘ফিরে আশার গল্প’।
আজ মঙ্গলবার ফেসবুকে ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’- এই স্লোগানকে সামনে রেখে নির্মিত হতে যাওয়া সিরিজটির ঘোষণা দিয়েছেন তিনি।
ঘোষণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। সেখানে নিশ্চিত করেন, ‘মরিয়ম’ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারকে। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই সিরিজটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
নাটকের বিস্তারিত কিছু জানাননি নির্মাতা। তার ভাষ্য, পর্যায়ক্রমে সিরিজটির অন্যান্য চরিত্র ও অভিনয়শিল্পীদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।
রাজের নির্মাণে নতুন সিরিজের চরিত্র মরিয়ম কি পারবেন সম্পর্ক ধরে রাখতে? যে সম্পর্ক পারিবারিক ও সামাজিক শক্তিকে তুলে ধরবে।
গ্লো অ্যান্ড লাভলী বাংলাদেশের উপস্থাপনায় নির্মিত হচ্ছে ‘ফিরে আশার গল্প’। সিরিজটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী এবং মুক্তির তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।