ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবি: ফাইল ফটো

ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৩ বোতল স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী (শিবগঞ্জ) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী গ্রামের মৃত আবুল খায়ের ছেলে কোরবান আলী (৪১) এবং তার স্ত্রী জেসমিন খাতুন (২৭)। 

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোরবান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ফেনসিডিল রাখার ও কারবারি অভিযোগে কোরবান আলী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের দাবি, গ্রেফতার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি সঙ্গে জড়িত। তারা নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও কেনা-বেচা করে আসছিলেন।

র‌্যাব-১৩ আরও জানায়, উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার হওয়া দুই আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।