যশোরে করোনায় আরো একজনের মৃত্যু

যশোরে করোনায় আরো একজনের মৃত্যু

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ (৪৫) নামে আরো একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

এই নিয়ে গত পাঁচ দিনে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজন তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

তিনি কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা রেপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা ১৮ জুন বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষকে প্রেরণ করেন ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর  করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়াত বলেন, আইসিইউ'র দায়িত্বে থাকা ডাক্তার ওভার ফোনে করোনা পজেটিভ এর মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ নিয়ে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।