টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ ও কোস্টগার্ড। অভিযানে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক।

তিনি জানান, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতির খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প ও কোস্টগার্ডের চৌকস অভিযানিক দল।

এ সময় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারি শফি উল্লাহ (৪৫) ও নুরুল বশর (৩৮) কে আটক করা হয়। দুইজনই বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।