বরগুনায় জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে কাগজপত্র-যন্ত্রপাতি
ছবি : সংগৃহীত
বরগুনায় জেলা নির্বাচন অফিসের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার, ব্যালট বাক্সসহ আসবাবপত্র পুড়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান।
জানা গেছে, সকালে অফিসের নাইটগার্ড পর্দা টানানোর সময় এবং পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনকার কাজ শুরু করার পর একটি কক্ষে শব্দ শুনতে পান। পরে অন্যান্য কর্মচারীদের ডেকে আনলে দেখা যায়, হিসাব শাখা নামে একটি কক্ষে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে বরগুনা ফায়ার সার্ভিসের এক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান জানান, আগুনের সূত্রপাত সকালে হলেও অনেকেই তখনও অফিসে উপস্থিত ছিলেন না। ফলে আগুনে ওই রুমটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। ফায়ার সার্ভিসের সময়োচিত প্রচেষ্টায় আগুন মূল স্টোরে ছড়াতে পারেনি। ক্ষতিগ্রস্ত কক্ষে থাকা একটি কম্পিউটার, ফটোকপি মেশিন, ব্যালট বাক্স, একটি ফ্রিজ এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন অফিসে সেবা কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে