লন্ডনে ছুরিকাঘাতে গুরুতর আহত ২ ইহুদি
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ছুরিকাঘাতে দুজন ইহুদি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের গোল্ডার্স গ্রিন রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইহুদি নিরাপত্তা সংস্থা শমরিম জানিয়েছে, দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌঁড়াতে দৌঁড়াতে ইহুদি ধর্মাবলম্বীদের ওপর হামলার চালায়। খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরে পুলিশ এসে ইলেকট্রিক গান বা ‘টেজার’ ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
এদিকে হামলায় আহত দুইজন ইহুদি ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। ‘হাতজোলা’ নামের একটি ইহুদি জরুরি সেবা সংস্থা তাদের চিকিৎসা দিচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে ‘ভয়াবহ ও গভীর উদ্বেগজনক’ বলে নিন্দা জানিয়েছেন।
বুধবারের ওই ঘটনার পর ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেন তিনি। জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান স্টারমার।
উল্লেখ্য, এরআগে গত মাসে ওই একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।