লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে হাসান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড়ের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, ঘটনাস্থলের পাশে রেললাইনের মাঝখানে সাড়ে ১০টার দিকে হাসানের লাশ দেখতে পান স্থানীয়রা।  ট্রেনে কাটায় তার লাশের অংশ বিভিন্ন দিকে ছিটকে পড়েছিল।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মো. লোকমান বলেন, বিষয়টি শুনেছি। কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। হয়তো ওই ট্রেনেই কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে।