চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় ১০ জন নিহত, নিখোঁজ ৩৩
ছবি: সংগৃহীত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
শুক্রবার (০৮ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় শুক্রবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১০ জন মারা গেছেন এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
সিসিটিভি জানিয়েছে, ‘চরম আবহাওয়ার ঘন ঘন আবির্ভাবের’ কারণে প্রেসিডেন্ট শি সব অঞ্চলকে ‘সতর্কতাহীনতা দৃঢ়ভাবে কাটিয়ে উঠতে’ এবং ঝুঁকি শনাক্তকরণে প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
উইবোতে চীনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীদের দল একটি গ্রামে প্রবাহিত পানির ভেতর দিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন।
অন্যদিকে গানসু প্রাদেশিক সরকার যে ছবি প্রকাশ করেছে, তাতে কাদামাটি ও বড় বড় পাথরে রাস্তা ঢাকা পড়ে থাকতে দেখা গেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের উত্তর ও দক্ষিণে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। গত জুলাই মাসের শেষের দিক থেকে বেইজিংসহ উত্তর চীন জুড়ে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আলজাজিরা