নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ দুই অস্ত্রধারী আটক

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ দুই অস্ত্রধারী আটক

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি)-সহ দুই অস্ত্রধারীকে আটক করেছে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার ‘দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসা’ ভবন থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ ফয়সাল (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার তিনতলা ভবনের নিচতলায় সিঁড়ির পশ্চিম পাশের কক্ষে স্থানীয় লোকজনের সহায়তায় ওই দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি পুরনো দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।