জয়পুরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জয়পুরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ নম্বর পিলার এলাকায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তাদের তুলে দেয় বিএসএফ।

ফেরত আসা ব্যক্তিরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), মুরাদের স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের দুই ছেলে রমজান মোড়ল (৮) ও মো. মুসকান মোড়ল (৫), এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল (২)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা জানান, গত ১২ আগস্ট রাতে কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে ওই পাঁচজনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এর্নাকুলাম এলাকায় একটি ভাঙাড়ির দোকানে দিনমজুর হিসেবে কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ময়নুল ইসলাম জানান, বিজিবি আটক পাঁচজন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হবে।