সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ছবি : প্রতীকি

‎পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পৌর সদরের দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটিক টাংক নির্মাণ করা হয়েছিল। সেই সেপটিক ট্যাংকের নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন- পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং একই এলাকার গফুরের ছেলে মোস্তাকিন (২১)। 

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান বলেন, এ ঘটনায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।