পাইকগাছায় আদালতের রায়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার
ফাইল ছবি
খুলনার পাইকগাছায় আদালতের রায়ে ২০ বছর ধরে বেদখল থাকা ২.১৭ একর সম্পত্তি পুনরুদ্ধার হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সম্পত্তিটি নিজেদের দখলে নিয়ে ধান রোপণ করেছেন জমির মূল মালিকেরা।
জানা গেছে, উপজেলার খড়িয়া ঢ্যামশাখালীর রণজিৎ কুমার সরদার ১৯৭০ সালে লক্ষ্মীখোলার মোজাম্মেল হক কাগজীর কাছে ২.১৭ একর জমি বিক্রি করেন। দলিল নম্বর ৫৪৮৩/৭০। মোজাম্মেল হক ওই জমি কিনে কর ও খাজনা দিয়ে আসছিলেন। জমিটির রেকর্ড, নামপত্তনসহ সব ধরনের কাগজপত্রও তাদের কাছে ছিল। ২০০৪ সাল পর্যন্ত তারা জমিটি ভোগদখলও করেন।
২০০৫ সালে রণজিৎ সরদার গং সীমানা নিয়ে সমস্যা দেখিয়ে আদালতে ২০৪/৬৬ বাটোয়ারা মামলা করেন এবং একতরফা ডিগ্রি লাভ করেন। ওই ডিগ্রির সুযোগ নিয়ে তারা ২০০৫ সালে বিক্রি করা জমিটি আবার জবরদখল করে নেন।
এরপর মোজাম্মেল হক ওই ডিগ্রি রদের জন্য আদালতে মামলা করেন। দীর্ঘ ১০ বছর পর ২০১৫ সালে তিনি ডিগ্রি রদের রায় পান। তবে প্রতিপক্ষ রণজিৎ সরদার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। গত ২২ জুলাই ২০২৫ তারিখে দেওয়ানি ১৯ নম্বর আপিলে আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং রণজিৎ গংদের ডিগ্রিটি ভুয়া ও বাতিল বলে ঘোষণা করেন। রায় পাওয়ার পর শনিবার মোজাম্মেল হক তার সম্পত্তি পুনরুদ্ধার করে সেখানে ধান রোপণ করেছেন।
এ বিষয়ে রণজিৎ কুমার সরদার জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবারও আপিল করবেন।