বিচ্ছেদে কারা বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী?
ছবি: সংগৃহীত
প্রায় সবকিছুর মধ্যেই ভাঙা-গড়া থাকে। তেমনি সম্পর্কের ক্ষেত্রেও রয়েছে মিলন-বিচ্ছেদ। মূলত প্রতিটা সম্পর্ক একটি ব্যক্তিগত রাজনীতি। তার নিজস্ব সমীকরণ রয়েছে। ঠিক সেকারণে যেমন সব সমীকরণ মেলে না, তেমনই প্রতিশ্রুতি থাকলেও সব সম্পর্ক টেকে না। সম্পর্ক থাকলে সম্পর্ক ভাঙার আশঙ্কাও থাকে।
প্রেমে পড়া বা সম্পর্ক গড়ার অভিজ্ঞতা যেমন মধুর তেমনি বিচ্ছেদও বেদনার। প্রণয় যেমনই হোক, তার সামাজিক স্বীকৃতি থাক বা না থাক বিচ্ছেদের ব্যথা তাতে কম হয় না।
প্রেম হোক বা বিবাহ, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। কিন্তু নারী না পুরুষ, সম্পর্কের ভাঙনে বেশি মর্মাহত হন কারা? কারা বেশি কষ্ট পান সঙ্গীর বিরহে? সাম্প্রতিক এক গবেষণায় উঠে এলো সেই সংক্রান্ত একাধিক তথ্য। চলুন, জেনে নেওয়া যাক—
বিজ্ঞান পত্রিকা ‘বিহেভিয়ারল অ্যান্ড ব্রেইন সায়েন্সেস’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা জানাচ্ছে, নারীরা অন্যান্য অনেক বিষয়ে এগিয়ে থাকলেও তাদের তুলনায় সম্পর্কের বিষয়ে বেশি যত্নশীল পুরুষরা।
বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা সেই গবেষণাপত্রে জানানো হয়েছে, কোনো স্থায়ী সম্পর্ক ভেঙে গেলে নারীদের তুলনায় ছেলেরা অনেক বেশি মানসিক আঘাত অনুভব করেন।
বাহ্যিক উদ্দীপনার মাধ্যমে তার প্রকাশ হোক বা না হোক, অন্তরে অন্তরে ক্ষত বিক্ষত হয় পুরুষদের হৃদয়।
প্রসঙ্গত, এই গবেষণার জন্য লিঙ্গবৈষম্য ও বিষমকামী সম্পর্কের ওপর মোট ৫০টি গবেষণাপত্র পরীক্ষা করেছেন গবেষকরা। সেখান থেকেই এই অনুসিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
তবে এখানেই শেষ নয়। গবেষণাটি আরো জানাচ্ছে, প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে নারীরাই সম্পর্ক ভাঙার পথে প্রথম পা বাড়ান।
অর্থাৎ কোনো সম্পর্ক থেকে বের হতে চাইলে পুরুষরা নন, নারীরাই প্রথম পদক্ষেপ করেন। এই গবেষণায় পিইউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা উদাহরণ হিসেবে তুলে ধরে উল্লেখ করা হয়েছে, পুরুষদের তুলনায় নারীরা নিজেদের একাকিত্বের কথা বলতে অনেক বেশি স্বচ্ছন্দ। যেমন প্রায় ৫৪ শতাংশ নারী মায়ের সঙ্গে একাকিত্বের যন্ত্রণা ভাগ করে নেন।
কিন্তু পুরুষদের মধ্যে এই কাজ করেন মাত্র ৪২ শতাংশ। একই বিষয় প্রযোজ্য বন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও। বন্ধুর কাছে নিজের মনের কথা জানান ৫৪ শতাংশ নারী। কিন্তু শতকরা ৩৮ জন পুরুষ বন্ধুদের কাছে একথা বলেন। পরিবারের অন্য সদস্যদের কাছে (৪৪% বনাম ২৬%) বা মনোবিদের কাছে (২২% বনাম ১৬%) নিজের একাকিত্বের কথা বলতেও অনেক বেশি সাবলীল নারীরা।
গবেষকদের দাবি, এর কারণ মূলত সামাজিক পরিস্থিতি। পুরুষতান্ত্রিক সমাজে নিজেদের মনের কথা প্রকাশ করাকে দুর্বলতা হিসেবে দেখেন বহু পুরুষ। তাই সম্পর্ক ভাঙার পরেও নিজের কষ্ট চেপে রাখাকে স্বাভাবিক বলেই মনে করেন তারা। তবে মাথায় রাখতে হবে যেকোনো গবেষণাই বিতর্ক সাপেক্ষ। তাই এই গবেষণাটিকেই ধ্রুব সত্য মেনে নেওয়া উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের।