মহাখালী পেট্রল পাম্পে অগ্নিকাণ্ড: ৭ দিন পর দগ্ধ ব্যক্তির মৃত্যু
ছবি : প্রতীকি
রাজধানী মহাখালী ইউরেকা পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার সাত দিন পর মীর হোসেন (৫৫) নামে দগ্ধ এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা পৌনে ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মহাখালাীর ইউরেকা পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন মীর হোসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টা ৫০ মিনিটের দিকে মীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।
গত রবিবার (১৭ আগস্ট) বিকেল থেকে একটি তেলের গাড়ি পাম্পে তেল আনলোড করছিল। হঠাৎ সন্ধ্যা ৭টার পর তেলের গাড়ি থেকে তেল আনলোড করা পাইপে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস মাত্র দুই মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।