কিশোরগঞ্জে মাদক সেবনে যুবকের কারাদণ্ড
প্রতিকি ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে সুজন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুজন নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুজন মাদক সেবনের সঙ্গে জড়িত। সে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক সেবন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকির নেতৃত্বে পুলিশের একটি দল সনমানিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত সুজনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, মাদক নির্মূলে অভিযান চলমান থাকবে।