তরুণদের নেতৃত্বে জলবায়ু সচেতনতার উৎসব ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ শুরু

তরুণদের নেতৃত্বে জলবায়ু সচেতনতার উৎসব ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ শুরু

ফাইল ছবি

দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ পাঁচ জেলায় একযোগে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব ‘নেক্সাস ফেস্ট ২০২৫’। অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

চট্টগ্রাম, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং কক্সবাজারের টেকনাফ— এই পাঁচ জেলায় পাঁচ দিনব্যাপী আয়োজন করা হবে উৎসবের বিভিন্ন পর্ব। উৎসবের মূল লক্ষ্য তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও উন্নয়ন সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পৃক্ত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গড়ে তোলা।

প্রথম আসর বসবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ও বরগুনার পাথরঘাটা বিদ্যানিকেতন মাঠে। এরপর সাতক্ষীরা শিল্পকলা একাডেমি ও বাগেরহাট জেলা পরিষদ প্রাঙ্গণে হবে ২৭–২৮ আগস্ট। শেষ পর্ব ৩০–৩১ আগস্ট টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

উৎসবকে ঘিরে থাকবে নানা আয়োজন— তরুণদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, গবেষণা, গল্প বলা, নীতি সংলাপ, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, মেয়েদের সাইকেল র‍্যালি, বাবা-মেয়ের ফুটবল ম্যাচসহ অংশগ্রহণমূলক নানা কার্যক্রম। এছাড়া লোকসংগীত, থিয়েটার, জারি গান, যাত্রাপালা ও গম্ভীরার মাধ্যমে তুলে ধরা হবে স্থানীয় সংস্কৃতি ও কণ্ঠস্বর।

চট্টগ্রামের তরুণ অংশগ্রহণকারী মো. জাবিন বিন সোলাইমান বলেন, নেক্সাস ফেস্ট আমাদের মতো তরুণদের জন্য নিজেদের সমস্যা ও সমাধান তুলে ধরার একটি সুযোগ। এখান থেকে আমরা কমিউনিটির উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারব।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, নেক্সাস ফেস্ট ২০২৫ এর লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করা। এটি মানবিক কার্যক্রম, জলবায়ু উদ্যোগ, উন্নয়নমূলক কর্মসূচি ও শান্তি-সম্প্রীতিকে এক সূত্রে গেঁথে দেবে।

সংস্থাটির ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটির লিড নাজমুল আহসান বলেন, জলবায়ু পরিবর্তনকে বিচ্ছিন্নভাবে মোকাবিলা করা সম্ভব নয়। নেক্সাস ফেস্ট তরুণদের নেতৃত্বে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায় ও সামাজিক সম্প্রীতির একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

স্থানীয় তরুণ সংগঠন, সরকারি প্রতিনিধি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোও উৎসবে যুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, এই উৎসব তরুণদের নেতৃত্বে দীর্ঘস্থায়ী ও অর্থবহ পরিবর্তনের পথে একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে।