সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনীর ১ সহযোগী আটক

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনীর ১ সহযোগী আটক

ছবি : প্রতীকি

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আলমগীর হোসেন সাগর (৪৫) আটক হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সুন্দরবনের শেলা নদী-সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়ি মোংলায়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সকালে সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী-সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় গমন করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলাকর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড আভিযানিক দল ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ১ জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।