সুন্দরবনে রিসোর্টে অসুস্থ পর্যটককে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা
ছবি : সংগৃহীত
সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ পর্যটক সুমন পালিতকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড।
শনিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার মধ্যরাতে সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অবস্থানরত পর্যটক সুমন পালিত হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি মেডিকেল টিম অতি দ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত রিসোর্টে গমন করে। পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে মোংলা ঘাটে এনে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়। পর্যটক সুমন পালিত খুলনা সদরের বাসিন্দা। সে গত ২৮ আগস্ট এই রিসোর্টে আসেন।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।