পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত

পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত

ফাইল ছবি

পটুয়াখালীর সদর উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কুয়াকাটায় ঘুরতে আসা এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শিয়ালী বাজার সংলগ্ন কৃষি অবতরণ বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত পর্যটক জাহিদ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর পৌরসভার শাহিন হাওলাদারের একমাত্র ছেলে। তিনি বরহানগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্বজনেরা জানান, মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বাসিন্দা আট বন্ধু মিলে গত বুধবার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে আসেন। সকালে কুয়াকাটা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তারা। পথিমধ্যে পটুয়াখালীর শিয়ালী এলাকা অতিক্রমকালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জাহিদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

একই সঙ্গে বেড়াতে আসা নিহতের খালাতো ভাই মো. সায়েম বলেন, মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। জাহিদকে আর বাঁচানো গেল না।  

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হাওলাদারের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার স্বজনেরা পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।