বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. কামরুজ্জামান খান ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও পরিচালক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক, শাখা ও উপশাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ব্যাংকের ব্যবসায়িক উত্তরণের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদার করা, আইনি প্রক্রিয়া গতিশীল করা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে মেনে চলা এবং নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার ওপর বিশেষভাবে নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, উন্নত গ্রাহকসেবা এবং সব শাখাকে লাভজনক শাখায় রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করেন।

যুগ্ম সচিব শেখ ফরিদ ব্যাংককে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার আন্তরিকভাবে বেসিক ব্যাংককে পুনরুদ্ধারে কাজ করছে। জাপানের নৈতিক মানদণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, সঠিকভাবে পরিচালনা করা গেলে ব্যাংকটি আগের অবস্থায় ফিরে যেতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক পরিদর্শন (RBS) পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ করপোরেট গভর্ন্যান্স, আমানত সংগ্রহ ও খেলাপি ঋণ পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান শাখা ও উপশাখা প্রধানদের প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, “গ্রাহকসেবা মানোন্নয়নের পাশাপাশি প্রতিদিনের কাজ নিয়মতান্ত্রিকভাবে সম্পাদন করতে হবে। কৌশলগতভাবে কাজ করলেই নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন সম্ভব।”

সভায় ব্যাংকের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে ম্যানেজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা জানান, বেসিক ব্যাংক ইতোমধ্যেই ক্রমান্বয়ে উন্নতির পথে এগোচ্ছে এবং এর তারল্য পরিস্থিতি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই সুদৃঢ় অবস্থায় রয়েছে।