কাজীবাছা নদী থেকে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার

কাজীবাছা নদী থেকে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার

ছবি : প্রতীকি

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা সিএস ভাটার ভাঙনের পাশে কাজীবাছা নদীর তীরে অজ্ঞাত নামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নদীতে রেনু আহরণের সময় কয়েকজন নারী মরদেহটি দেখতে পায়। তারা ধারণা করেছিল যে, লোকটি বরশি দিয়ে নদীতে মাছ ধরছে। অনেকক্ষণ কোনো নাড়াচড়া না করাতে, তারা কাছে এসে দেখতে পায় এটি লাশ। তাদের ডাক চিৎকারে স্থানীয় কিছু লোকজন ভিড় জমায় এবং ৯৯৯ পুলিশকে কল করে জানায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বটিয়াঘাটা থানা ওসি মোস্তফা খায়রুল বাশার জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পারি, কাজীবাছা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা গেছে। নৌ- পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সুরতহাল রিপোর্টের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।