পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু
কিশোরগঞ্জে
নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইয়ান নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী বানিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাইযান ওই গ্রামের শয়ন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিশুটির মা ও পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন।
শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি করে না পেয়ে উঠানের পাশের পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।