জুলাইয়ে গুলি করে গৃহকর্মী হত্যা, যুবলীগ নেতা গ্রেফতার
ছবি : প্রতীকি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার সঙ্গে জড়িত থাকায় সুমন (৩৭) নামে এক যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে করেছে সিআইডি। তিনি পল্টন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। সুমনের বাড়ি মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রাম হলেও তিনি রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকতেন।
সিআইডি জানায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলছিল। সেখানে হামলা চালায় যুবলীগের কর্মীরা। ওই হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হন। এতে তিনি গুরুতর আহত হলে পরে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই লিজার মৃত্যু হয়। সেই ঘটনায় নিহতের পরিবার গত বছরের ৫ সেপ্টেম্বর রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে।