গরমে পাতে রাখতে পারেন বিশেষ এই পদ দুটি

গরমে পাতে রাখতে পারেন বিশেষ এই পদ দুটি

ছবিঃ সংগৃহীত।

ভাদ্র মাসের গরমে গুরুপাক খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। যত পারা যায় হালকা ঝোল, কম মশলায় রান্না করা সবজি দিয়ে মাছ দিয়ে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন। হালকা মাছের ঝোল খুবই সহজ, পেঁয়াজবিহীন কম মশলায় তৈরি হয় এবং হজমেও ভালো। আর সাথে যে কোনও টক রাখতে পারলে মুখের স্বাদ বেড়ে যায়। ঋতু পরিবর্তনের এই সময়ে রোদ-বৃষ্টির মধ্যে নানাবিধ মৌসুমি অসুখে এমন খাবারের বুঝি বিকল্প নেই।

দুটি সহজ ও ঘরোয়া রেসিপি

এক. মাছের ঝোলের জন্য যা লাগবে (উপকরণ)-

মাছ (রুই/কাতলা/তেলাপিয়া) ৪-৫ টুকরা

আলু ২টি (লম্বা করে কাটা)

কাঁচামরিচ ৩-৪টি

টমেটো ১টি (কুচি করা)

হলুদ গুঁড়া পরিমাণমতো

লবণ স্বাদমতো

সরিষার তেল ২ টেবিল চামচ

পানি ইচ্ছেমতো ঝোলের জন্য

তৈরির পদ্ধতি

প্রথমে মাছের টুকরাগুলো ধুয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে সরিষার তেল গরম করে মাছের টুকরাগুলো হালকা লালচে করে অল্প করে এপিঠ ওপিঠ ভেজে তুলে রাখুন। একই তেলে আলু ও টমেটো দিয়ে হালকা ভেজে নিন। এরপর বাকি হলুদ গুঁড়া, লবণ এবং সামান্য পানি দিয়ে কষান। আলু প্রায় সেদ্ধ হয়ে এলে ২ কাপ গরম পানি দিন।

ঝোল ফুটে উঠলে মাছের টুকরাগুলো দিয়ে দিন। কাঁচামরিচ চিরে দিন। ঢেকে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। নামানোর আগে জিরা ভেজে পাটায় গুড়ো করে নিয়ে ঝোলের ওপর হালকা ছড়িয়ে দিন। স্বাদ বাড়াতে ধনে পাতা দিয়ে আবার ঢেকে দিন। ঝোল হালকা রাখতে পেঁয়াজ-রসুন দেবেন না। টক স্বাদ চাইলে একটু কাঁচা টমেটো বেশি দিন।

দুই. এই সময়টায় বাজারে আমড়া বেশ ভালো পাওয়া যায়। গোটা আমড়া দিয়ে টক রান্না খুবই জনপ্রিয় একটি ঘরোয়া রেসিপি। এটি খেতে টক-মিষ্টি এবং হালকা ঝাল হয়। যা লাগবে (উপকরণ)-

গোটা আমড়া ৮-১০টি

কাঁচামরিচ ৪-৫টি

সরিষার তেল ২ টেবিল চামচ

শুকনো মরিচ গোটা– ২টি (চাইলে)

সরিষা (সাদা কালো মিলিয়ে) আধা চা চামচ

হলুদ গুঁড়া পরিমাণ মতো

হলুদ গুঁড়া পরিমাণ মতো

লবণ স্বাদমতো

চিনি ৩-৪ টেবিল চামচ (টক অনুযায়ী)

তৈরির পদ্ধতি

আমড়াগুলো ধুয়ে কাটা চামচ দিয়ে হালকা আঁচড় দিয়ে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে সরিষা ও শুকনা মরিচ দিয়ে দিন। এরপর কাঁচা মরিচ ফালি করে দিন। সামান্য নেড়েচেড়ে আমড়া দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করুন। তারপর হলুদ গুঁড়া, লবণ দিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন এবং আমড়া নরম হওয়া পর্যন্ত রান্না করুন। আমড়া সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঝোল একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঝাল বেশি করতে চাইলে সামান্য শুকনা মরিচ গুঁড়া দিতে পারেন।