৫ দফা দাবিতে যশোরে জামায়াতের লিফলেট বিতরণ
ছবি :প্রতিনিধি
যশোর প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কর্মসূচি ঘোষণা র অংশ হিসাবে লিফলেট বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা জামায়াতের আয়োজনে দড়াটানার মোড় হতে এ লিফলেট বিতরণ শুরু হয়।
লিফলেট বিতরণে শহর আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যক্ষ গোলাম রসূল।
তিনি এ সময় বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলি অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ ৭-এ বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়।
উপস্থিত বক্তাদের বক্তব্যে বলেন , সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অব্যবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায়। ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে দু/একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর সেক্রেটারি ইমরান হোসাইন, পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল এবং গাউসুল আজম প্রমুখ।