আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
ছবি: সংগৃহীত
তিন দফা দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ১৭ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করবেন তারা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কয়েকটি সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
প্রাথমিকের শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঐক্য পরিষদের নেতারা জরুরি সভায় বসেছিলেন। সেখানে আমরণ অনশন কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়
সভার সিদ্ধান্ত মতে, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ আমরণ অনশন কর্মসূচি করা হবে।
যে তিন দফা দাবি শিক্ষকদের
সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন ১১তম গ্রেডে নির্ধারণ করতে হবে, চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।