নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল অর্গানাইজ করছিলেন অজয় কর খোকন। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, অজয় কর খোকনের বিরুদ্ধে অন্য কোনও মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ছাত্রলীদের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েও তিনি পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।