লাদাখে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সেই ‘ওয়াংচুক’ গ্রেফতার

লাদাখে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সেই ‘ওয়াংচুক’ গ্রেফতার

ছবি: সংগৃহীত

বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’র আসল ব্যক্তিত্ব সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারত সরকার। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে চলমান আন্দোলনে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, তার অলাভজনক সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর বিদেশি অনুদান গ্রহণের নিবন্ধন বাতিল করার একদিন পরই এই গ্রেপ্তারি কার্যকর হয়। এফআরসিএ-২০১০ আইন অনুযায়ী এই নিবন্ধন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সোনম ওয়াংচুক ২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার জয়ী। লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতিতে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে সেখানে চলছে তীব্র আন্দোলন। গত দুই দিনে এই আন্দোলনে চারজন নিহত এবং নিরাপত্তাবাহিনীসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছে। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উসকানি দেয়ার সকল অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক।

তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, তার প্রতিষ্ঠান বিদেশি অনুদান নেয় না, বরং জাতিসংঘ, সুইস ও ইতালীয় সংস্থাগুলোর সাথে ব্যবসায়িক লেনদেন করেছে এবং সব কর প্রদান করেছে। তিনি দাবি করেন, কর্তৃপক্ষ এই লেনদেনকে ভুলভাবে বিদেশি অনুদান হিসেবে চিহ্নিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, ওয়াংচুক তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উত্তেজিত করেছিলেন। সহিংসতার ঘটনার সময় তিনি পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা না নিয়ে অনশন ভেঙে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের দিকে চলে যান।

সোনম ওয়াংচুকের শিক্ষা-সংস্কারক ও উদ্ভাবকের জীবনী অনুসরণ করেই ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি তৈরি হয়। সিনেমায় ‘ফুনসুখ ওয়াংড়ু’ নামের চরিত্রে অভিনয় করেন আমির খান।