স্বর্ণের দাম নিয়ে সুখবর
ছবি: সংগৃহীত
স্বর্ণের দাম নিয়ে সুখবর দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। আজ প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় বেচাকেনা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩১ হাজার ৪৫ টাকা।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা।