স্ত্রী পরিচয়ে বাড়িতে আনার ১৫ দিন পর নারীকে পিটিয়ে হত্যা
ছবি : প্রতীকি
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে রাজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী নাদেরা আক্তারকে (২৩) পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, রাজু মাতুব্বর ১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই রাজু পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।