চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
নিহত আসাদুল হক হচ্ছেন জেলার ভোলাহাট উপজেলার মুশরীভুজা বটতলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
ঘটনার পর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার ভোলাহাট উপজেলার মুশরীভুজা বটতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুশরীভুজা বটতলা গ্রামের ইলিয়াস আলীর সাথে প্রতিবেশী আসাদুল হকের পূর্ব শত্রুতা ছিল।
এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষের লোকজন লাঠিসোঠাসহ দেশি ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় আসাদুল হক গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল পৌণে ৩টার দিকে ভোলাহাট ফলিমারি বিলের নিকট সে মারা যায়। একপর্যায়ে তার মরদেহ ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।