ভাইবস: মেটা চালু করল এইআই দিয়ে তৈরি ভিডিও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম

ভাইবস: মেটা চালু করল এইআই দিয়ে তৈরি ভিডিও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম

ছবি: সংগৃহীত

মেটা ঘোষণা করেছে তাদের নতুন শর্ট-ফর্ম ভিডিও ফিড “Vibes”, যেখানে শুধুমাত্র এআই-তৈরি কনটেন্ট দেখা যাবে। এটি চালু হচ্ছে Meta AI অ্যাপ এবং meta.ai–এ। মূলত টিকটক বা ইনস্টাগ্রাম রিলস-এর মতো হলেও এর প্রতিটি ভিডিওই হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–এর মাধ্যমে বানানো।

কী কী সুবিধা থাকবে ‘Vibes’-এ

ব্যবহারকারীরা এখানে মেটার নিজস্ব মডেল ও অন্যদের তৈরি অসংখ্য এআই ভিডিও দেখতে পারবেন। সময়ের সাথে সাথে অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজাবে।

ক্রিয়েটররা পারবেন—

একেবারে নতুন ভিডিও বানাতে

অন্যের ভিডিও রিমিক্স করতে

ভিজ্যুয়াল, মিউজিক বা স্টাইল যোগ করতে

সরাসরি Vibes ফিডে শেয়ার করতে, ডিএম করতে বা ইনস্টাগ্রাম–ফেসবুক স্টোরি ও রিলসে পোস্ট করতে

এআই মডেল ও অংশীদারিত্ব

প্রাথমিক পর্যায়ে Midjourney এবং Black Forest Labs–এর সঙ্গে অংশীদারিত্ব করে এই ফিচার চালু করেছে মেটা। পাশাপাশি সংস্থাটি নিজস্ব এআই মডেলও উন্নত করছে।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দ্র ওয়াং জানিয়েছেন, এই প্রকল্প মেটার বৃহত্তর এআই উদ্যোগের অংশ।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া মোটেও ইতিবাচক নয়। সিইও মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে কয়েকটি এআই ভিডিও শেয়ার করেন—যার মধ্যে ছিল রুটি মাখছে একটি বিড়াল বা প্রাচীন মিশরের এক নারী সেলফি তুলছেন এমন দৃশ্য।

সমালোচকরা বলছেন, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই নিম্নমানের এআই কনটেন্টে ভরে গেছে, আর ‘Vibes’ সেই সমস্যাকে আরও বাড়াবে।

অন্যদিকে ইউটিউবের মতো সংস্থাগুলো এখন এআই-তৈরি ‘অপ্রয়োজনীয় ভিডিও’ নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে। অথচ কয়েক মাস আগেই মেটা নিজেই বলেছিল, কনটেন্ট ক্রিয়েটরদের ‘অথেনটিক স্টোরিটেলিংয়ে মনোযোগী হওয়া উচিত, শর্ট ভিডিও বানিয়ে কোনো মূল্যহীন কনটেন্ট নয়। তাই ‘Vibes’-এর সূচনা মেটার নিজের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

পর্দার আড়ালে মেটা এআই খাতে ব্যাপক বিনিয়োগ করছে। জুন মাসে সংস্থাটি Meta Superintelligence Labs তৈরি করে এবং পুরো এআই বিভাগকে চার ভাগে ভাগ করে—ফাউন্ডেশন মডেল, গবেষণা, প্রোডাক্ট ইন্টিগ্রেশন ও অবকাঠামো। প্রতিদ্বন্দ্বী OpenAI, Anthropic ও Google DeepMind–এর সঙ্গে পাল্লা দিতে এ উদ্যোগ নিয়েছে মেটা।