নীলফামারীর জলঢাকায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নারীদের আইনি সচেতনতা বৈঠক
সংগ্রহীত ছবি
নীলফামারীর জলঢাকার চর এলাকার নারীদের নিয়ে আইনি সচেতনতার ওপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের হলদিবাড়ী এলাকায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাল্যবিবাহ, ইভ টিজিং, নারী নির্যাতন, বহু বিবাহ ও ধর্ষণের ওপর বিস্তারিত আলোচনা এবং কিভাবে আইনি সহায়তা পাওয়া সম্ভব এর ওপর ধারণা দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শারমিন সাথী।
এ সময় শারমিন সাথী বলেন, গ্রামের নারীরা সচেতন নয় বলেই এখনো হরহামেশাই বাল্যবিবাহ হচ্ছে।
বাল্যবিবাহ দেওয়া অপরাধ। আপনার সন্তান স্কুল কলেজে যাওয়ার পথে কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করলে, খারাপ কথা বললে তা কিন্তু ইভ টিজিং। ইভ টিজিং একটি অপরাধ। একই সঙ্গে নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণ এসবও জঘন্যতম অপরাধ।
গ্রামের নারীরা এসব অপরাধের সম্মুখীন হলে কিভাবে, কোথায় গেলে আইনি সহায়তা পাওয়া যাবে, তা অনেকেই জানে না। ফলে সময় মতো তারা আইনের আশ্রয় নিতে পারেন না। তারা বিচার বঞ্চিত হন।
তিনি আরো বলেন, আমি সুপ্রিম কোর্টের পাশাপাশি নীলফামারী জজ কোর্টেও অতিদরিদ্র মানুষকে বিনা মূল্যে আইনি পরামর্শ ও সহায়তা করে থাকি।
আপনারা যারা ভূমিহীন, নিরপরাধ মানুষ, মাসিক আয়ের তেমন ব্যবস্থা নেই, তারা আমার পক্ষ থেকে আজীবন পাবেন বিনা মূল্যে আইনি সহায়তার সুবর্ণ সুযোগ।
বৈঠকে জলঢাকা উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘ ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তহিবুল ইসলাম, জিয়ারা বেগম, আয়শা ছিদ্দিকা, নাওরিন বেগম প্রমুখ।