৪৭তম বিসিএসে কুবির ছয় শিক্ষার্থীর সাফল্য
ফাইল ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে ১ হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পান। এই ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের এখনো পর্যন্ত ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসগর আলী সামিম, তিনি সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাপ্পু সরকারও শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি দাস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আইন বিভাগের প্রথম ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী নিহাল হাসনাইন পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
গণিত বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শান্ত বাংলাদেশ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শারমিন বৃষ্টি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাপ্পু সরকার বলেন, প্রতিটি অর্জনই আনন্দের। তবে ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সেই আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে আমি কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে এমন একটি সুখবর সত্যিই অনেক ভালো লাগার এবং অনুপ্রেরণার।