নড়াইলে দৈনিক ‘পাঠক প্রবাহ’-এর প্রধান কার্যালয়ের উদ্বোধন

নড়াইলে দৈনিক ‘পাঠক প্রবাহ’-এর প্রধান কার্যালয়ের উদ্বোধন

সংগৃহীত

নড়াইল থেকে প্রকাশিত নতুন দৈনিক পত্রিকা ‘পাঠক প্রবাহ’-এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের গারুচুরা এলাকায় পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক। এদিন পত্রিকাটির নির্বাহী সম্পাদক মো. নূরুন্নবী সামদানীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু।

পরে সভাপতি এস. এম. আব্দুল হক প্রধান কার্যালয় উদ্বোধন করেন। তিনি বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সাংবাদিকতার প্রাণ। ‘পাঠক প্রবাহ’ সেই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবেএই প্রত্যাশা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— দৈনিক পাঠক প্রবাহ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির (টুকু), দৈনিক ডেসটিনি পত্রিকার সাব-এডিটর উত্তম সরকার এবং এনটিভির সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এম. মনির চৌধুরী।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু বলেন, এই পত্রিকার লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন— দৈনিক পাঠক প্রবাহের উপদেষ্টা শেখ মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক এম. সাদ্দাম হোসেন, নড়াইল কণ্ঠের সাব-এডিটর কাজী আনিসুজ্জামানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলজিৎপুর ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান।