কেন্দুয়ায় অনৈতিক কাজের সময় নারীসহ উপসহকারী মেডিকেল অফিসার আটক
সংগ্রহীত ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় অনৈতিক কাজ করার সময় এক নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।
আটককৃত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত।
ঘটনাটি শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ঘটে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নারীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীকান্ত সরকার ওই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এবং টাঙ্গাইলের ঘাটাইল কদমতলী ইউনিয়নের গারদটু গ্রামের স্বর্গীয় সূর্যকান্ত সরকারের ছেলে। আটককৃত নারী চার সন্তানের জননী, তিনি নেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নের গোজালিকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর স্বাস্থ্য কেন্দ্রের মূল দরজার তালা ভেঙে এক নারীকে নিয়ে কক্ষে প্রবেশ করেন শ্রীকান্ত। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।
সান্দিকোনা ইউনিয়নের গ্রাম পুলিশ রিয়াজুদ্দিন বলেন, শুক্রবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দুজনকে আটক করেছে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
কেন্দুয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, শ্রীকান্ত সরকারকে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের জন্য আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল।
আজকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে অফিশিয়ালি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে রাত ৯টায় মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ‘অনৈতিক কাজের দায়ে নারীসহ এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।