গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলে আগুন
ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ট্যানারি পুকুরপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভীনের ভাতের হোটেল ও ফাস্টফুডের দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ বিস্ফোরণ ঘটে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো প্রাণহানি ঘটেনি, তবে দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম যুগান্তরকে জানান, ঘটনার খবর পেয়ে আমাদের থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, এলাকাবাসীর সহায়তায় আগুন ইতোমধ্যেই নিভিয়ে ফেলা হয়েছে।
ওসি আরও জানান, দোকানটি দুই ভাগে বিভক্ত—সামনে ফাস্টফুডের দোকান, পাশে ভাতের হোটেল। যেহেতু সরাসরি গ্যাস সংযোগ ছিল না, রান্নার কাজ করা হতো সিলিন্ডার ব্যবহার করে। দুপুরে রান্নার সময় হঠাৎ সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর তৎপরতার কারণে আগুনটি আশপাশে ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ওসি আমিরুল ইসলাম আরও জানান, আগুনে তার দোকানের জিনিসপত্র ও মালামালসহ প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।