রাজিবপুরে হামলার শিকার ৬ পুলিশ, দুজন আটক

রাজিবপুরে হামলার শিকার ৬ পুলিশ, দুজন আটক

প্রতিকী ছবি

কুড়িগ্রামের রাজিবপুরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় পুলিশ সদস্য। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পায় পুলিশ। পরে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ হুমায়ুনকে আটক করলে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা করে ছক্কুকে ছিনিয়ে নেয়।

হামলায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় আবদুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।